বাংলাদেশ থেকে ১.৮ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য নিশ্চিত করেছে মিয়ানমার

PHOTO: UNHCR
Share the News

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। এই তালিকাটি বাংলাদেশ ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয়টি ধাপে মিয়ানমারকে সরবরাহ করেছিল।

অতিরিক্ত আরও ৭০ হাজার রোহিঙ্গার নাম ও ছবি যাচাইয়ের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে এবং তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আজ ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খালিলুর রহমানকে এই তথ্য জানান।

এটি রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের পথে একটি বড় অগ্রগতি হিসেবে প্রথম নিশ্চিত তালিকা। মিয়ানমার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অবশিষ্ট ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাই কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে।

সাক্ষাতে ড. খালিলুর রহমান সম্প্রতি মিয়ানমারে সংঘটিত ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং বিপর্যস্ত জনগণের জন্য বাংলাদেশ আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত আছে বলে জানান।