দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি বছরের জানুয়ারি মাসে প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩.১৭ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫.১ শতাংশ বেশি। এটি দেশের ইতিহাসে একক মাসে প্রাপ্ত রেমিট্যান্সের তৃতীয় সর্বোচ্চ পরিমাণ।
বাংলাদেশ ব্যাংকের (বিবি) তথ্যমতে, গত বছরের জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২.১৯ বিলিয়ন ডলার। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে দেশে সর্বোচ্চ ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে, যা একক মাসে সর্বোচ্চ রেকর্ড। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বর মাসে আসে ৩.২৩ বিলিয়ন ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে মোট ১৯.৪৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৫.৯৬ বিলিয়ন ডলার।
এ বিষয়ে বাসসকে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলা এবং রিজার্ভ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এসব উদ্যোগের ফলে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব পড়েছে বলেও তিনি জানান।







