পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন, আধুনিক শিক্ষায় নতুন অধ্যায়: উপদেষ্টা

PHOTO: Internet
Share the News

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং কার্যক্রম চালুর মাধ্যমে আধুনিক শিক্ষা ও আঞ্চলিক সংযোগে একটি নতুন অধ্যায় সূচনা করেছেন।

তিন পার্বত্য জেলায় ১২টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, এ উদ্যোগ পার্বত্য অঞ্চলে মানসম্মত শিক্ষা বিস্তারে প্রধান উপদেষ্টার সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি বলেন, “এই অভূতপূর্ব ই-লার্নিং কর্মসূচির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা এখন বিশ্বমানের শিক্ষার সঙ্গে সংযুক্ত হচ্ছে।”

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে তিন পার্বত্য জেলার প্রতিটিতে একটি প্রাথমিক ও তিনটি মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১২টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম চালু করা হয়েছে। ভবিষ্যতে এ কর্মসূচি অন্তত ১৫০টি বিদ্যালয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে এবং এ সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়া চলতি মাসের মধ্যেই সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সরকারের উন্নয়ন দর্শনের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রাম যেন দেশের অন্য কোনো অঞ্চলের তুলনায় পিছিয়ে না থাকে—সে লক্ষ্যেই সরকার কাজ করছে। প্রযুক্তিনির্ভর এই শিক্ষা কার্যক্রম অর্থনৈতিক প্রবৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পর্যটন খাতের বিকাশেও ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি মানবিক মর্যাদা ও প্রযুক্তিগত অগ্রগতির ভিত্তিতে একটি সম্প্রীতিপূর্ণ, আধুনিক পার্বত্য অঞ্চল গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।