মহান বিজয় দিবস উপলক্ষে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর এক অনন্য কীর্তির মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ। একযোগে সর্বোচ্চ সংখ্যক পতাকা হাতে নিয়ে প্যারাশুট জাম্প করে নতুন বিশ্বরেকর্ড স্থাপন করেছে টিম বাংলাদেশ।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়ার্ল্ড রেকর্ডস ম্যানেজমেন্ট টিম আনুষ্ঠানিকভাবে এই সাফল্যের বিষয়টি টিম বাংলাদেশকে অবহিত করেছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে প্রকাশিত বিবরণে বলা হয়েছে,
“প্যারাশুট জাম্পের সময় একযোগে সর্বোচ্চ সংখ্যক পতাকা উড়ানোর রেকর্ড হলো ৫৪টি। এই কীর্তি গড়ে তুলেছে টিম বাংলাদেশ (বাংলাদেশ), ২০২৫ সালের ১৬ ডিসেম্বর ঢাকায়।”
বিবরণে আরও বলা হয়, দেশব্যাপী স্কাইডাইভারদের এক ঐতিহাসিক অর্জনের মাধ্যমে একত্রিত করা এবং জাতীয় সহযোগিতা ও ঐক্যের বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে এটি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উদযাপনের অংশ ছিল।
বাংলাদেশের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্তি নিয়ে আনন্দ প্রকাশ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “আজ দেশের সবার জন্যই গর্বের দিন। এই আনন্দ আমরা বাংলাদেশের সকল মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই।”
মহান বিজয় দিবসে অনুষ্ঠিত এই রেকর্ড গড়া প্যারাশুট জাম্পে মোট ৫৪ জন অংশগ্রহণকারী পতাকা হাতে নিয়ে অংশ নেন, যা দিনটিকে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে তোলে।







