আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সরকার দেশব্যাপী একটি বিস্তৃত কর্মসূচি বাস্তবায়ন করছে।
এই উদ্যোগের আওতায় মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা এবং বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) শীর্ষ প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে গণভোট নিয়ে বিভ্রান্তি ও অপতথ্য দূর করা যায় বলে আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
এরই অংশ হিসেবে রোববার বরিশালে পৃথকভাবে বিভাগীয় কর্মকর্তাদের সম্মেলন ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে গণভোট বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ এবং বিশেষ সহকারী মনির হায়দার।
আগামী কয়েক দিনের মধ্যে দেশের অন্যান্য বিভাগেও এ ধরনের কর্মসূচি আয়োজন করা হবে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের (সিএও) তত্ত্বাবধানে বিভাগীয় কমিশনারদের কার্যালয় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে ইসলামিক ফাউন্ডেশন ইমাম ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করছে।
কর্মসূচির সময়সূচি অনুযায়ী বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলন ও মতবিনিময় সভা আজ ১২ জানুয়ারি রাজশাহীতে, ১৪ জানুয়ারি রংপুরে, ১৫ জানুয়ারি চট্টগ্রামে, ১৭ জানুয়ারি ঢাকায়, ১৯ জানুয়ারি ময়মনসিংহে, ২২ জানুয়ারি সিলেটে এবং ২৪ জানুয়ারি খুলনায় অনুষ্ঠিত হবে।
এসব অনুষ্ঠানে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জ্যেষ্ঠ শিক্ষাবিদ, জ্যেষ্ঠ সাংবাদিক, প্রেসক্লাব ও ব্যবসায়ী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, এনজিও প্রধান ও সংগঠনের নেতারা, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
সংশ্লিষ্টদের মতে, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত মতবিনিময় সভা এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







