নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসি মেনস টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অনুরোধ জানিয়েছে।
টি–টোয়েন্টি বিশ্বকাপটি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে রোববার অনুষ্ঠিত বিসিবির বোর্ড পরিচালকদের জরুরি বৈঠকের পর জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল ভারতে সফর করবে না।
বৈঠক শেষে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, “ভারতে বাংলাদেশের দল ও সংশ্লিষ্টদের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসি মেনস টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিসিবির বোর্ড পরিচালকদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ পর্যালোচনা করে বোর্ড ভারতের নির্ধারিত ভেন্যুগুলোতে ম্যাচ খেলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে।
বিশ্বকাপে বাংলাদেশ ‘সি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের সঙ্গে রয়েছে। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।
বিসিবি জানায়, “এই সিদ্ধান্তের পর ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে, যাতে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়া হয়।”
বোর্ডের মতে, বাংলাদেশি খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, বোর্ড সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্টদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশে টুর্নামেন্টে অংশগ্রহণের স্বার্থে এ ধরনের পদক্ষেপ প্রয়োজন।
বিসিবি আশা প্রকাশ করেছে, আইসিসি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে।







