জামায়াতসহ সাত দলের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে যাচ্ছে এনসিপি: নাহিদ | বাসস

PHOTO: National Citizen Party | BSS
Share the News

ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম আজ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সাতটি দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত করেছে এনসিপি এবং আসন্ন নির্বাচনে তারা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “জামায়াতে ইসলামী ও এই আটটি দলের সঙ্গে একযোগে নির্বাচনে অংশ নিতে এনসিপি সম্মত হয়েছে। এই জোট কেবল নির্বাচনী সীমা অতিক্রমের লক্ষ্যেই নয়, বরং সংস্কার, ন্যায়বিচার, আধিপত্যবাদ ও দুর্নীতিবিরোধী এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে, যাতে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের জনগণের আকাঙ্ক্ষা ক্ষুণ্ন না হয়।”

তিনি বলেন, “নির্বাচন নিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছি। শুরু থেকেই এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছিল এবং ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা ছিল। প্রস্তুতি ও দেশব্যাপী মনোনয়ন আহ্বান ইতোমধ্যে শুরু হয়েছিল। পরবর্তীতে সংস্কার ইস্যুতে আরও দুটি দলের সঙ্গে আমাদের রাজনৈতিক সমঝোতা হয়।”

নাহিদ ইসলাম আরও বলেন, “তবে শরীফ ওসমান হাদির প্রকাশ্য হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। এ ঘটনা প্রমাণ করে যে আধিপত্যবাদী ও আগ্রাসী শক্তিগুলো এখনো সক্রিয় রয়েছে এবং তারা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র করছে।”

তিনি বলেন, “এই পরিবর্তিত পরিস্থিতিতে একটি অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করতে বৃহত্তর জোট প্রয়োজন বলে আমরা মনে করেছি। সে অনুযায়ী আমরা জামায়াতে ইসলামী ও তাদের আটটি মিত্র দলের সঙ্গে আলোচনা করেছি।”

সমঝোতার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, “জামায়াতে ইসলামী ও এই আটটি দলের সঙ্গে একযোগে নির্বাচনে অংশ নিতে এনসিপি সম্মত হয়েছে।”

নাহিদ ইসলাম জানান, দলের প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আগামীকাল দেওয়া হবে।

তিনি বলেন, “এই জোটের আওতায় মনোনয়নপত্র দাখিল করা হবে। যেসব আসনে এনসিপি প্রার্থী দেবে না, সেসব আসনে আমরা জোটভুক্ত দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাব।”

তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত দলের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে নেওয়া হয়েছে এবং যারা ভিন্নমত পোষণ করেন, তারা নিজ নিজ বিবেচনায় সিদ্ধান্ত নিতে স্বাধীন।

এর আগে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান নিশ্চিত করেন যে, জামায়াতের নেতৃত্বাধীন আটদলীয় নির্বাচনী জোটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও এনসিপি যোগ দিচ্ছে।