১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৮৫ হাজার ১৮৪ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানায়, নিবন্ধিত ভোটারদের মধ্যে রয়েছেন প্রবাসী বাংলাদেশি, নির্বাচন দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নিজ নিজ নির্বাচনি এলাকার বাইরে অবস্থানরত ভোটাররা। ইসির ওয়েবসাইটে প্রকাশিত আজ সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত হালনাগাদ তথ্যে দেখা যায়, অ্যাপটির মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন ৪ লাখ ৫৫ হাজার ৫৪৫ জন পুরুষ ও ২৯ হাজার ৬৩৭ জন নারী ভোটার।
প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরবে—১ লাখ ২২ হাজার ৪০১ জন। এরপর রয়েছে কাতার (৪৪ হাজার ৫৪৩), ওমান (৩২ হাজার ৭৪১), মালয়েশিয়া (৩১ হাজার ৪৯৭), সংযুক্ত আরব আমিরাত (২৪ হাজার ২৮৬), যুক্তরাষ্ট্র (২৩ হাজার ৩২), যুক্তরাজ্য (১৭ হাজার ৭৮), সিঙ্গাপুর (১৬ হাজার ৮৫৭), কুয়েত (১৬ হাজার ১০৯), ইতালি (১২ হাজার ৯১৫) এবং কানাডা (১০ হাজার ৮২১)।
এ ছাড়া একই সময় পর্যন্ত দেশের ভেতরে অবস্থানরত ৫২ হাজার ৯৯৪ জন ভোটার ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে অ্যাপটির মাধ্যমে নিবন্ধন করেছেন।
জেলা ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে কুমিল্লায়—৫০ হাজার ৯৩৬ জন। এর পরের অবস্থানে রয়েছে ঢাকা (৪৩ হাজার ৮৮১), চট্টগ্রাম (৪২ হাজার ৬৬), নোয়াখালী (২৯ হাজার ৫২৩) ও সিলেট (২১ হাজার ৫৭৩)।
অন্যদিকে, আসনভিত্তিক তথ্যে ফেনী-৩ আসনে সর্বাধিক ৭ হাজার ৯১৭ জন ভোটার নিবন্ধন করেছেন। এরপর রয়েছে চট্টগ্রাম-১৫ (৭ হাজার ৩৩৩), নোয়াখালী-১ (৭ হাজার ১৩১), কুমিল্লা-১০ (৬ হাজার ৮৩০) এবং নোয়াখালী-৩ (৬ হাজার ৫৭৬)।







