আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ বজায় রাখতে ব্যবসায়ীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ পণ্য বিলম্বিত পরিশোধ (ডিফার্ড পেমেন্ট) ভিত্তিতে আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
যে পণ্যগুলো এই সুবিধার আওতায় আনা হয়েছে সেগুলো হলো—চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটরশুঁটি, মসলা এবং খেজুর।
আজ জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজান মাসে প্রয়োজনীয় খাদ্যপণ্যের যুক্তিসঙ্গত মূল্য ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এসব পণ্য সরবরাহকারী বা ক্রেতার ঋণের আওতায় সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ইউজেন্স (বিলম্বিত পরিশোধ) ভিত্তিতে বাণিজ্যিক আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, অন্যান্য সংশ্লিষ্ট নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর এই নির্দেশনা সংশ্লিষ্ট গ্রাহকদের জানাতে ব্যাংকগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে।







