জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তিগত করদাতাদের জন্য ২০২৫–২৬ কর বছরের আয়কর রিটার্ন জমার সময়সীমা এক মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করেছে।
এ ছাড়া, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে না পারা করদাতারা ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে যথাযথ কারণ ব্যাখ্যা করে সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস (ডিসিটি)-এর কাছে আবেদন করতে পারবেন বলে আরেকটি আদেশ জারি করেছে এনবিআর।
এ বছর অনলাইন রিটার্ন দাখিল সব ধরনের ব্যক্তিগত করদাতার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষভাবে সক্ষম করদাতা, প্রবাসী বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষ থেকে রিটার্ন দাখিলকারী আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য নয়। যদিও তারা চাইলে স্বেচ্ছায় ই-রিটার্ন দাখিল করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর।
এ বছর করদাতার অনুমোদিত প্রতিনিধিরাও ই-রিটার্ন জমা দিতে পারবেন। প্রবাসী করদাতাদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক না হলেও তারা পাসপোর্ট নম্বর, এনআইডি নম্বর এবং ইমেইল ঠিকানা ereturn@etaxnbr.gov.bd-এ পাঠিয়ে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করতে পারবেন। আবেদন পাঠানোর পর তাদেরকে ওটিপি ও নিবন্ধন লিংক ইমেইলের মাধ্যমে পাঠানো হয়, যা দিয়ে সহজেই অনলাইনে রিটার্ন জমা দেওয়া যায়।
ডকুমেন্ট আপলোড ছাড়াই করদাতারা ই-রিটার্ন সিস্টেমে আয়ের বিবরণ, ব্যয়, সম্পদ ও দায়-দেনার তথ্য সঠিকভাবে দিয়ে অনলাইনে কর পরিশোধ করতে পারেন—ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) ব্যবহার করে। রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে স্বয়ংক্রিয় অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং ট্যাক্স সার্টিফিকেট ডাউনলোড করা যায়, ফলে দেশে-বিদেশে করদাতাদের মধ্যে ই-রিটার্নের জনপ্রিয়তা বাড়ছে।
অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করতে এনবিআর এ বছরও প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, যা গত বছরের মতোই সাধারণ করদাতা এবং অনুমোদিত প্রতিনিধিদের দেওয়া হয়েছে। ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় এনবিআর-এর কল সেন্টার 09643 71 71 71-এ ফোন করে তাৎক্ষণিক সহায়তা পাওয়া যায়। এছাড়া www.etaxnbr.gov.bd-এর ই-ট্যাক্স সার্ভিস অপশনের মাধ্যমে সমস্যার রিপোর্ট করলে সমাধান পাওয়া যায়। দেশের সব কর অঞ্চলের হেল্পডেস্কগুলো অফিস সময়জুড়ে সরাসরি এবং টেলিফোনে সহায়তা দিচ্ছে।
এনবিআর সকল ব্যক্তিগত করদাতাকে ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আয়কর রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে ১৮ লাখেরও বেশি করদাতা এ বছর ই-রিটার্ন দাখিল করেছেন।







