পবিত্র রমজান মাসজুড়ে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার মুরগি বিক্রি করবে সরকার। সাধারণ মানুষের প্রাণিজ আমিষের চাহিদা নিশ্চিত করার লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে বলে আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রাণিসম্পদ ও মৎস্য উপদেষ্টা ফারিদা আখতার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয়, রমজান শুরুর আগের দিন থেকে রমজানের ২৫তম দিন পর্যন্ত মোট ২৬ দিন মোবাইল বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ড্রেসড ব্রয়লার মুরগি, দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি করা হবে।
এই কর্মসূচির আওতায়
- ড্রেসড ব্রয়লার মুরগির মাংস বিক্রি হবে প্রতি কেজি ২৪৫ টাকা,
- পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা,
- ডিম প্রতি পিস ৮ টাকা,
- গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে।
ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতেও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা সাশ্রয়ী দামে এসব পণ্য বাজারজাত করার উদ্যোগ নেবেন।
প্রাথমিকভাবে ঢাকার গুরুত্বপূর্ণ ২৫টি স্থানে ও সিটি করপোরেশন এলাকায় এই কর্মসূচি পরিচালিত হবে। এসব স্থানের মধ্যে রয়েছে—সচিবালয়ের পাশের আবদুল গণি রোড, খামারবাড়ি (ফার্মগেট), মিরপুরের সিক্সটি ফিট রোড, আজিমপুর মাতৃসদন, নয়াবাজার (পুরান ঢাকা), উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, আরামবাগ (মতিঝিল), মিরপুরের কালশী, যাত্রাবাড়ীর মানিকনগর গলির মুখ, বাড্ডার শাহজাদপুর, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর, খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণ), নাখালপাড়া (লুকাস মোড়), সেগুনবাগিচা (কাঁচাবাজার), মোহাম্মদপুর (বাবর রোড), মোহাম্মদপুর (বসিলা), কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও এবং পুরান ঢাকার বঙ্গবাজার।
পর্যায়ক্রমে স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে মোবাইল বিক্রয় কেন্দ্রগুলোর জন্য স্থায়ী স্থান নির্ধারণের মাধ্যমে বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে।







