Edit Content

৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকায় ৬ জনের মৃত্যু, বহু আহত

PHOTO: BSS
Share the News

আজ সকালে ঢাকা ও আশপাশের জেলায় অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ছয় জন নিহত এবং বহু লোক আহত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) জানায়, সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উপকেন্দ্র ছিল নারায়ণগঞ্জের নরসিংদীর মাধবদীতে, যা আগারগাঁও সিসমিক সেন্টার থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) পরে উপকেন্দ্রটি নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং ১০ কিলোমিটার গভীরে নির্ধারণ করে।

প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া সমন্বয় কেন্দ্রের (এনডিআরসিসি) তথ্য উদ্ধৃত করে জানায়, ঢাকার বঙ্গশাল, আরমানিটোলা, মাতুয়াইল, খিলগাঁও, হাতিরঝিল, কালাবাগান ও নিউমার্কেট এলাকাসহ ঢাকা কলেজের ইলিয়াস হল ভবনে ফাটলসহ বিভিন্ন ক্ষতি হয়েছে।

বিকেল ৪টা পর্যন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী ঢাকায় তিনজন, নরসিংদীতে দুইজন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যুসহ মোট ছয়জনের প্রাণহানি নিশ্চিত করা হয়েছে। আহত প্রায় ৬০ জনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকায় নিহতরা হলেন—স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম (২১), আখতার (১৪) এবং সবুজ (৩০)। তাদের মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যবেক্ষণ ও জরুরি সাড়া কার্যক্রম সমন্বয়ের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এনডিআরসিসিতে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।